নারী কোথায় নিরাপদ?
প্রথমে একটা প্রশ্ন করি। আপনি একজন নারী, যেকোনো বয়সের—আপনি শিশু হতে পারেন, বালিকা হতে পারেন, তরুণী হতে পারেন, বয়স্ক হতে পারেন। আপনি রাস্তায় একটা বাসে উঠলেন। উঠে দেখলেন বাসে কন্ডাক্টর আছে, হেলপার আছে, আর আছে ড্রাইভার। আর কেউ নেই! আপনি কী করবেন? আপনি কি নিজেকে নিরাপদ ভাবতে পারবেন? প্রথম সুযোগেই কি আপনি বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করবেন না?
আমার নিশ্চিত ধারণা, আপনি ভয় পাবেন, বিপন্ন বোধ করবেন, চেষ্টা করবেন দ্রুত নেমে যেতে!
এবার দ্বিতীয় প্রশ্ন: আপনি একজন পুরুষ। রাতের বেলা আপনি একটা বাসে উঠেছেন, ধরা যাক, আশুলিয়ার রিং রোডে। বাসে উঠে দেখলেন আপনি একা। আর বাসে আছে ড্রাইভার, কন্ডাক্টর, হেলপার। আপনি কি ওই বাসে নিজেকে নিরাপদ বোধ করবেন?
এরও উত্তর হলো: না।
তাহলে বড় পরিসরে যাওয়ার আগে আমাদের স্পষ্ট প্রস্তাব, আমাদের পরিবহন, আমাদের গণপরিবহন নিরাপদ নয়, এর সঙ্গে যুক্ত থাকা মানুষগুলোকে আমরা নিরাপদ মনে করি না। কাজেই আমাদের বাস-ট্রাক-গাড়ির ড্রাইভার, হেলপার, কন্ডাক্টরদের একটা নেটওয়ার্কের মধ্যে আনুন। কে কোথায় কখন কোন ডিউটিতে আছেন, সেটা যেন আমাদের জানা থাকে। তাঁদের প্রশিক্ষণ দিন। আমরা জানি, আমাদের প্রায় ২৬ লাখ গাড়ি আছে, কিন্তু লাইসেন্সপ্রাপ্ত চালক এর অর্ধেক।
Comments
Post a Comment